মিললো ১১ কোটি বছর আগের ডায়নোসারের পায়ের ছাপ

২৪ জুন, ২০২১ ০২:৪৫  
ইংল্যান্ডের কেন্ট শহরের একটি দুর্গম এলাকায় অন্তত ছয় প্রজাতির ডায়নোসারের পায়ের ছাপ পেয়েছেন বিজ্ঞানীরা। ধারনা করা হচ্ছে, এগুলি আনুমানিক ১১ কোটি বছর আগের। উপকূলীয় অঞ্চলের কাছাকাছি হওয়ায় ঝড় ও ভারী বৃষ্টির কারণে পায়ের ছাপগুলি খুঁজে পেতে সহজ হয়েছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের অধ্যাপক ডেভিড মারটিল। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, হতে পারে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হওয়ার আগে এরাই সর্বশেষ জাতি ছিল। আর সেখানে বিভিন্ন প্রজাতির পায়ের ছাপ থেকে প্রমাণ করে ১১ কোটি বছর আগে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিচিত্র প্রজাতির ডায়নোসারের অস্তিত্ব ছিল। গবেষণা দলের অপর সদস্য হ্যাস্টিংস মিউজিয়ামের কালেকশন অ্যান্ড এঙ্গেজমেন্ট কিউরেটর ফিলিপ হ্যাডলেন্ড জানিয়েছেন, ডাউনোসরের পায়ের ছাপগুলি বিশালাকার হাতির পায়ের আকারের কাছাকাছি। সবচেয়ে বড় পায়ের ছাপটি হচ্ছে ৬৫ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ৮০ সেন্টিমিটার প্রস্থ যা সম্ভবত ইগুয়ানোডন প্রজাতির কাছাকাছি ডায়নোসারের। ইগুয়ানোডন প্রজাতির ডায়নোসারগুলি উদ্ভিদভোজী হত এবং তারা ১০ মিটার পর্যন্ত লম্বায় হত। তারা দুই পায়ে হাঁটত, কখনও কখনও চার পায়েও হেঁটে বেড়াতো। পুরো এলাকায় অনুসন্ধান করলে আরো অনেক পায়ের ছাপসহ ফসিল আবিষ্কার হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই বিজ্ঞানী।